এবার ফেসবুকে বিজ্ঞাপন দেবে না পেপসিকো-স্টারবাকস

২৯ জুন, ২০২০ ১৫:৪১  
ফেসবুকে বিজ্ঞাপন দেবে না পেপসিকো ইনকর্পোরেট। অন্যান্য বড় প্রতিষ্ঠানের সঙ্গে ফেসবুক বিজ্ঞাপন বয়কটে শামিল হচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে, কোনো সামাজিক মাধ্যমেই বিজ্ঞাপন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কফি চেইন স্টারবারকস। পেপসিকো’র শামিল হওয়ার খবর সম্পর্কে প্রথমে জানিয়েছে ফক্স বিজনেস নেটওয়ার্ক। রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফক্স বিজনেস নেটওয়ার্কের প্রতিবেদন বলে, জুলাই এবং অগাস্টে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকবে পেপসিকো। -- খবর রয়টার্সের। এদিকে, কফি চেইন স্টারবাকস-এর প্রতিনিধি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া স্থগিত রাখছে তারা। তবে, গুগল মালিকানাধীন ইউটিউবে তাদের বিজ্ঞাপন চলবে। ছয়টি সংস্থার এক গ্রুপ জুলাই মাসে বিজ্ঞাপন দাতাদের সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া থেকে বিরতির আহবান জানায়। ওই ছয় গ্রুপের মধ্যে অ্যান্টিডিফেমেশন লিগ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালারড পিপল, স্লিপিং জায়ান্টস এবং কালার অফ চেঞ্জের মতো সংস্থা রয়েছে। ওই আহবানে সাড়া দিয়ে বিজ্ঞাপন বয়কটে এরই মধ্যে শামিল হয়েছে, ভেরাইজন কমিউনিকেশনস, ইউনিলিভার, কোকা-কোলা, বেন অ্যান্ড জেরি, হার্শিজ-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠান।